চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন সাকিব। সোমবার ব্রিস্টলে তার এক্সরে করা হয়েছে। এতে দেখা গেছে, পায়ের আঘাত তেমন গুরুতর নয়। ১৭ জুন টনটনে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি খেলতে পারবেন বলেই টিম ম্যানেজমেন্ট আশা করছে। গতকাল ব্রিস্টলে শ্রীলংকার সাথে পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন কোচ স্টিভ রোডস। এর আগে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন, এতটুকু নিশ্চিত থাকেন।’ উরুর ইনজুরি সত্ত্বেও ইংল্যান্ডের সাথে দুর্দান্ত ব্যাটিং করায় সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্টিভ রোডস। বলেন, ‘আমি সত্যি তার সাহসের প্রশংসা করি। ইনজুরি নিয়েও যে লড়াইটা ও করেছে তা সত্যিই দারুণ। তাকে চিকিত্সা দেয়া হচ্ছে। দ্রুত সেরেও উঠছে। আমাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে এক সপ্তাহ পরে। আশা করি সাকিব ওই ম্যাচ খেলতে পারবে।’
গত শনিবার কার্ডিফে ইংল্যান্ড ম্যাচে উরুতে আঘাত পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঘাত নিয়েই তিনি ওই ম্যাচে সেঞ্চুরি করেন। সাকিবের ১২১ রানের ইনিংস সত্ত্বেও ওই ম্যাচে পরাজয় এড়াতে পারেনি দল। শ্রীলংকার সাথে পরের ম্যাচ খেলতে গত রবিবার কার্ডিফ থেকে ব্রিস্টল আসে দল। পরদিন টিমের সাথে অনুশীলনের জন্য মাঠেও আসেন। তবে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। ফলে শ্রীলংকা ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
