এক পয়েন্ট হারাল বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০১৯, ২৩:০৫

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বাংলাদেশের কতগুলো ম্যাচ লক্ষ্য ছিল—এই ম্যাচগুলো জিততেই হবে। তার মধ্যে একটা ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা। বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স বাংলাদেশকে আরো আশাবাদী করেছিল। এই ম্যাচ থেকে তাই পূর্ণ দুই পয়েন্ট আশা করেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সেই সাজানো বাগানে হানা দিল বৃষ্টি।

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ফলে ম্যাচ থেকে একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এখন বাংলাদেশের মোট পয়েন্ট তিন।

ম্যাচশেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন তার হতাশার কথা। তিনি বলেছেন, এভাবে বৃষ্টির জন্য খেলা না হওয়াটা যে কোনো দলের জন্য       হতাশার ব্যাপার, ‘এভাবে মাঠে আসা এবং না খেলে ফিরে যাওয়াটা যে কোনো দলের জন্য হতাশার। আমরা সুযোগ পেয়েছিলাম ভালো অবস্থায় থাকার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে   সে সুযোগ কাজে লাগাতে পারিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারিনি আমরা। বিশ্বকাপ তো এমনই। এখন এই ম্যাচটা না খেলার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে।’

ব্রিস্টলে আগের দিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। গতকালও সকাল থেকে শুরু হয় দফায় দফায় বৃষ্টি। বৃষ্টির কারণে বাংলাদেশ দল মাঠেই যায়নি। আম্পায়ার ও ম্যাচ রেফারিরা অপেক্ষা করছিলেন, বৃষ্টি কমলে মাঠ পরিদর্শন করে খেলার ব্যবস্থা করা যায় কি না। কিন্তু বৃষ্টি ফিরে ফিরে আসায় দুই দফা মাঠ পরিদর্শন বাতিল করা হয়। অবশেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেন কর্মকর্তারা। অথচ এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ স্বরূপে ফিরতে পারে কি না, সেটা দেখার অপেক্ষা ছিল। অপেক্ষা ছিল বাংলাদেশের একাদশ দেখার। সাকিব আল হাসান এই ম্যাচে খেলতে পারতেন না। ফলে তার জায়গায় কে খেলেন, সেটা নিয়ে কৌতুহল ছিল। সেই সাথে গতকাল একাদশে ফেরার কথা ছিল লিটন দাস ও রুবেল হোসেনের। যতদূর জানা গিয়েছিল মোহাম্মদ মিঠুনের জায়গায় খেলার কথা ছিল লিটনের। আর মেহেদী হাসান মিরাজের বদলে খেলার কথা ছিল রুবেল হোসেনের।  বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৭ জুন টনটনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।