সিরাজগঞ্জের গ্রামগঞ্জে একসময় বিকাল হলেই ছেলেমেয়েরা আনন্দ-উল্লাসের সঙ্গে দারিয়াবান্দা, বৌচি, গোল্লাছুট, কানামাছি, হা-ডু-ডু, ডাংগুটিসহ বিভিন্ন খেলায় মেতে উঠত। গ্রামের বিবাহিত-অবিবাহিত, পাড়ায়-পাড়ায়, গোষ্ঠী-গোষ্ঠী, এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের সঙ্গে এ খেলার প্রতিযোগিতা হতো। বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়ার রেওয়াজ ছিল।
বিশেষ করে ফুটবল ও হা-ডু-ডু খেলায় জিতলে ঢাকঢোল পিটিয়ে খাসি, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করত। বর্তমানে বিশেষ উত্সব বা পালা-পার্বণ ছাড়া এসব খেলা দেখা যায় না। কালের আবর্তে এই খেলাগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। আধুনিক সব খেলার ভিড়ে এখন দেশীয় খেলা আর দেখা যায় না বললেই চলে।
কামারখন্দ উপজেলার ধলেশ্বর গ্রামের শতবর্ষী তালেব মণ্ডল জানান, নারী-পুরুষ ও শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক সম্মিলিতভাবে এই খেলা উপভোগ করতেন। কিন্তু এখন গ্রামের খোলা মাঠে এসব খেলা শুধুই স্মৃতি। দিনদিন এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে।
অতীতে হায়ারে খেলতে যাওয়া রসুলপুর গ্রামের হা-ডু-ডু খেলোয়াড় বয়োবৃদ্ধ মাজেম আলী (৯০) বলেন, খেলাগুলোর হারানো গৌরব ঐতিহ্য ফিরে আসুক।
জামতৈল গ্রামের বয়োবৃদ্ধ স্বপন সাহা বলেন, ‘এ্যাহুন নানা অংগের খেলা বাড়াইছে।’
