রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:২০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল করীমের লেখা ‘এ গিফট অব দ্য মেজাই টু দ্য ওয়েস্ট’ ও ‘গ্লিম্পসেস অব বেঙ্গল-হিজ এক্সট্যাসি অ্যান্ড অ্যাগনি’ নামক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পক্ষে ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে এম এ মান্নান প্রফেসর ড. আনোয়ারুল করীমের রবীন্দ্রনাথ, বাউল ও লালন বিষয়ে অবদানের ভূয়সী প্রশংসা করেন। রবীন্দ্রনাথ তথা লালন ও বাউল বিষয়ে প্রফেসর ড. আনোয়ারুল করীমের আলোচনাকে তিনি অতুলনীয় বলে আখ্যায়িত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশের একজন বিশিষ্টজন প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ড. আনোয়ারুল করীমের দু’টি গ্রন্থকে ‘অসাধারণ সৃষ্টি’ বলে উল্লেখ করেন।

এ সময় বিনয় জর্জ বাংলাদেশ ও ভারতের অনন্য বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বকবির অবদান তুলে ধরেন। পাশাপাশি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দ্রনাথের ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিশ্বকবির ঐতিহ্য রক্ষার প্রচেষ্টায় ভারতীয় হাইকমিশন শিলাইদহে ১৮ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র ভবন প্রতিষ্ঠায় সহায়তা করেছে।

ইত্তেফাক/এএএম