জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পল্লিবিদ্যুতের প্রিপেইড মিটার তুলে নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে গাজীপুর নাগরিক ফোরাম। মঙ্গলবার দুপুরে দেওয়া স্মারকলিপিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার তুলে নেওয়ার দাবি জানানো হয়। এ সময় প্রিপেইড মিটার চলমান থাকা অবস্থায় গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতসহ বেশকিছু দাবি জানানো হয়। গাজীপুর নাগরিক ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, গাজীপুর পল্লিবিদ্যুত্ সমিতি-১ এর আওতাধীন গ্রাহকদের সম্প্রতি প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে অনেকেই প্রিপেইড মিটার পেয়েছে। আগের মিটার নিয়েই অভিযোগের অন্ত ছিল না। সেই অভিযোগের সমাধান না করে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম চলছে। প্রিপেইড মিটারে প্রায় আড়াই গুণ বেশি বিল নেওয়া হচ্ছে। ১১০০ টাকার বিল হচ্ছে ২৫০০ টাকা। মিটার ভাড়া আগের চেয়ে চার গুণ, বিদ্যুত্ লাইন বন্ধ থাকলেও টাকা কাটা যায়। পর্যাপ্ত রিচার্জ স্টেশন নেই। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে পল্লিবদ্যুতের এই প্রিপেইড মিটারের বিরুদ্ধে।
জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, প্রিপেইড মিটার সংক্রান্ত বিড়ম্বনার আশু সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হবে। স্মারকলিপি প্রদানের সময় গাজীপুর নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব এ এন এম মুনীর হোসাইন মোল্লাসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
