চালক-কন্ডাক্টরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:১৭

গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রীকে পিষে হত্যা

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রী সালাউদ্দিনকে পিষে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত বাসচালক ও কন্ডাক্টর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর আদালতের পরিদর্শক মীর রকিবুল হক জানান, মঙ্গলবার দুুপুরে আলম-এশিয়া পরিবহনের বাসচালক রোকন উদ্দিন এবং বিকালে কন্ডাক্টর আনোয়ার হোসেনকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শামীমা খাতুনের আদালতে হাজির করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে তারা পর্যায়ক্রমে পৃথকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, বাসে কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্কের জেরে গত রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় বাস থেকে ফেলে যাত্রী সালাউদ্দিনকে চাকায় পিষে হত্যা করে আলম-এশিয়া পরিবহনের বাসের চালক রোকন উদ্দিন। ঘটনার পর সালাউদ্দিনের স্ত্রী পারুল আক্তারকেও ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিয়ে বাসটি মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায় চালক, হেলপার ও কন্ডাক্টর। ময়মনসিংহের ফুলপুরে শ্বশুর বাড়িতে ঈদ করে স্ত্রীকে নিয়ে ঐ বাসে কর্মস্থল গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ফিরছিলেন তারা।