স্বামীর নির্যাতনের শিকার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন গৃহবধূ জিয়াসমিন আক্তার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান মুন্সীগঞ্জের শ্রীনগরের জিয়াসমিন আক্তার। জিয়াসমিনের বড় ভাই সিরাজুল ইসলাম আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামে গত শুক্রবার স্বামীর নির্যাতন সইতে না পেরে শরীরে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেন গৃহবধূ জিয়াসমিন (৩৮)।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, ঘটনার পর থেকে জিয়াসমিনের স্বামী পলাতক রয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় গত সোমবার রাতে জিয়াসমিনের বড় ভাই মো. সিরাজুল ইসলাম আরিফ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
কেরানীগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়া
করে স্বামীর আত্মহত্যা
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকায় খালেকের বাড়ির চারতলার ভাড়াটিয়া শওকত চৌকদার (২৮) মঙ্গলবার তার স্ত্রী মিমের সঙ্গে ঝগড়া করে দুপুরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় লোকজন মডেল থানায় খবর দিলে বেলা ৩টায় এসআই ইলিয়াস হোসেন চারতলার দরজা ভেঙে শওকতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই ইলিয়াস হোসেন জানান, একসপ্তাহ ধরে শওকত ও তার স্ত্রী মিমের মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার শওকত আত্মহত্যা করেন। তবে কি নিয়ে ঐ দম্পতির মধ্যে ঝগড়া চলছিল তা পুলিশ জানাতে পরেনি।
