বরিশালের মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিত

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:১৯

 বরিশাল অফিস

বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, মীরগঞ্জ খেয়াঘাটটি ১৪২৬ সালের জন্য ইজারা দেয়ার নিমিত্তে বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে দরপত্র আহবান করা হলে ৬ষ্ঠবার পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমে ৪২ লাখ টাকার দরপত্র জমা দেন পূর্বের ইজারাদার। পরবর্তীতে জেলা পরিষদের নথিতে ৭মবার দরপত্র আহবান করলে ৭৪ লাখ ৫০ হাজার টাকার টেন্ডার দাখিল করেন নতুন ঠিকাদার আলমগীর হোসেন এবং দ্বিতীয় দরদাতা হিসেবে পূর্বের ইজারাদার ৬৬ লাখ টাকার টেন্ডার দাখিল করেন।

জেলা পরিষদের পরিপত্র এবং নথি অনুযায়ী ৭মবারের সর্বোচ্চ দরদাতার ইজারা পাওয়ার কথা থাকলেও তাকে ঘাট না বুঝিয়ে দিয়ে ৮মবারের মত দরপত্র আহবান করা হয়। গতকাল মঙ্গলবার ছিলো দরপত্র ক্রয়ের শেষ দিন। ৮ম দরপত্র বাতিল ও ঘাট বুঝে পেতে বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করলে আদালত সর্বোচ্চ ইজারাদারকে কেন ঘাট দেয়া হচ্ছে না মর্মে ৭ কার্য দিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। গতকাল আদালতের ওই নোটিশ পেয়েই মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম আপাতত স্থগিতের ঘোষণা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।