কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এই ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-উপজেলার এলখাল গ্রামের মৃত অহিদ মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬৫), ছেলে তারা মিয়া (৩০) ও নাতি রিফাত হোসেন (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে বিদুৎ লাইনের তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। এতে রিফাত বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকার শুনে নানি হোসনে আরা উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা ও ভাগিনাকে উদ্ধার করতে গিয়ে তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
