বরগুনায় ঝড়ের কবলে পড়ে ১টি ও পায়রার মোহনায় আরেকটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ডুবে যাওয়া ট্রলারের ১৯ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো ট্রলার দুটি নিখোঁজ রয়েছে।
শুক্রবার ভোররাতে বরগুনার তালতলী উপজেলার আশার চরের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরে লালদিয়ার চর সংলগ্ন স্থানে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিদ্রা এলাকার মাছ ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, নিদ্রা এলাকার জাফর মাঝির এফবি হাওলাদার নামের ট্রলারটি ১৩ জন জেলেসহ বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরে লালদিয়ার চরের কাছে মাছ ধরতে যায়। শুক্রবার ভোররাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী একটি ট্রলারে সাহায্যে ডুবে যাওয়া ট্রলারটির ১৩ জন জেলেকে উদ্ধার করা গেলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে মজনু মেম্বারের একটি ট্রলার ছয়জন জেলেসহ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের এবং পায়রা নদীর মোহনায় জাল ফেলতে গেলে শুক্রবার ভোর রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে কিনার থেকে দুইটি ট্রলার গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ছয়জন জেলেকে উদ্ধার করলেও ট্রলারটির কোন সন্ধান মেলেনি।
ট্রলার মালিক জাফর মাঝি জানান, ট্রলারে থাকা জাল, মাছ এবং জ্বালানি ছিল সব ভেসে গেছে। আরেক ট্রলারের মালিক মজনু মেম্বার বলেন, ট্রলার ডুবির ফলে জাল নৌকাসহ সব কিছু ভেসে গেছে।
নিদ্রা নৌপুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, ঝড়ের কবলে পরে বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জেলেদেরকে
উদ্ধার করা গেলেও ট্রলার দুটি এখনো নিখোঁজ রয়েছে।
