প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপদান করেছেন: চিফ হুইপ

আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯:২০

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে তার বাবার লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপদান করেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ঢাকা-খুলনা মহাসড়ক নির্মাণ করার, স্বপ্ন দেখেছিলেন খরস্রোতা পদ্মার ওপর একটি সেতু নির্মাণের মাধ্যমে এ যোগাযোগ স্থাপন করার।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে মাদারীপুরের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নূর-ই-আলম চৌধুরী অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মতিউর রহমান হাওলাদার (মতি), শিবচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলে যেখানে যোগাযোগের একমাত্র পথ ছিল নৌপথ, রাজধানী ঢাকা শহরে কোনো কাজের উদ্দেশ্যে যেতে হলে যেখানে পূর্বপরিকল্পনা করতে হতো আবার দীর্ঘ সময়ের কারণে উন্নত সেবা থেকে বঞ্চিত হতো, কখনো কখনো পথিমধ্যে দুর্ঘটনাও ঘটে যেত, সেখানে আজকের দিনে যখন খুশি তখনই রাজধানী ঢাকা শহরে যেতে পারছি। কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসতে পারছি।’

বক্তব্য রাখছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। ছবি: ইত্তেফাক

চিফ হুইপ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা বঙ্গবন্ধুর হত্যকারীদের বিচার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা যুদ্ধাপরাধীদেরও বিচারকার্য শেষ করতে পেরেছি। খুব শিগগিরই একটা কমিশন গঠন করার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের খুঁজে বের করে জনগণের সামনে মুখোশ উন্মোচন করা হবে।’

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, ‘মেয়ে আর ছেলের মধ্যে আমরা কোনো বৈষম্য করে দেখি না। আমাদের যোগ্যতা অনুযায়ী তা আমাদের প্রত্যেকের প্রমাণ করে দেখাতে হবে। বাংলাদেশের উন্নয়নে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হলেই চলবে না। আমরা মনে করি, আগামী দিনে মেয়েদের অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কারণ, রাজনীতির মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায়, তা আর কোনোভাবেই করা সম্ভব নয়। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই আমাদের সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

ইত্তেফাক/এএএম