রোহিঙ্গা ক্যাম্পে চীনা রাষ্ট্রদূত

মিয়ানমারের বিচার হওয়া উচিত

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৪৪

রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই মিয়ানমারে ফেরত নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী এ্যামন গিলমোর। এসব বিষয় নিয়ে মিয়ানমার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করার আশ্বাসও দিয়েছেন তারা। মঙ্গলবার পৃথক ভাবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। 

চীনের রাষ্ট্রদূত ঝাং জু বলেছেন, ‘রোহিঙ্গাদের মুখে শোনা নিপীড়নের কাহিনী বিবেকবান সবাইকে স্তব্ধ করবে। এতদিন গণমাধ্যমে শুনে আসলেও আজ ক্যাম্পে এসে রোহিঙ্গাদের মুখে নির্যাতনের তথ্য সরাসরি জানা সম্ভব হয়েছে। রোহিঙ্গাদের উপর ঘটা লোমহর্ষক ঘটনায় মিয়ানমারের বিচার হওয়া উচিত। রোহিঙ্গাদের পূর্ণ স্বাধীনতা ও মৌলিক অধিকার দিয়ে ফেরত নিতে হবে মিয়ানমারকেই।’

বিকালে উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্প ডি-৫ ব্লকের ইনচার্জের কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে এক নারীসহ ১০ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে নেতৃত্ব দেওয়া রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ বলেন, চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গাদের উপর ঘটে যাওয়া নিপীড়নের কথা জানতে চাইলে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের বিষয়গুলো তুলে ধরা হয়। রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনে হতবাক হন তিনি।

মিয়ানমারের সঙ্গে আলোচনার আশ্বাস

একইদিন কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী এ্যামন গিলমোর। দুপুরে কুতুপালং ডি-৫ ব্লকে সাবান ফ্যাক্টরি ও টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় এ্যামন গিলমার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। গিলমোর বলেন, ‘আগামী শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল মিয়ানমারে গিয়ে রোহিঙ্গা বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলবে।’ বিকেলে এ্যামন গিলমোর কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, গত ১০ জুন দুইদিনের সফরে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। সফরকালে তারা রোহিঙ্গা সংকটের মানবিক দিকসহ নানা বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন।