আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচার করতে হবে। তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। নইলে আবার ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি ঘটতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবরা এখন দেশে বিদেশে অবস্থান করছেন। এঁদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা, কিছু রাজনীতিবিদসহ মুখচেনা মানুষ আছেন। তাঁদের বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা টার্গেটে ছিলেন। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টার্গেট। শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত নতুন নামে ওয়ান-ইলেভেন ঘটানোর চক্রান্তে লিপ্ত থাকতে পারে। তাই সবার সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে যে-কোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ার উল ইসলাম বিপুল প্রমুখ বক্তব্য রাখেন।
