সাকিবের টার্গেট বিশ্বকাপ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৭:৪৪

এশিয়া কাপের জন্য দলগত অনুশীলনের প্রথম দিন। কোচিং স্টাফরা সবাই উপস্থিত আছেন। দলীয় অনুশীলন শুরু সকাল ১০টায়। কিন্তু গতকাল মুশফিক-মাহমুদউল্লাহদের মাঝে খুঁজে পাওয়া গেল না সাকিব আল হাসানকে। অধিনায়ককে ছাড়াই প্রস্ত্ততির প্রথম দিন কেটেছে টাইগারদের, বিষয়টা ঠিক এমনও নয়। এটুকু সত্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি সাকিব।

কারণ খুব সকালে এসে দলের আগেই নিজের অনুশীলন সেরে গেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। জানা গেছে, সকাল সাড়ে ৮টায় এসে ইনডোরে ব্যাটিং করেছেন তিনি। পরে সতীর্থরা ওয়ার্ম আপে নামার আগেই রানিং সম্পন্ন করেছেন।

দলের আগে সাকিবের এই অনুশীলনের নেপথ্যে বাণিজ্যিক এক অনুষ্ঠান। অধিনায়ক হয়েও বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য দলের সঙ্গে অনুশীলন করেননি, আর বিসিবিও তাকে ছাড় দিয়েছে। গতকাল দুপুরের পর পণ্যদূত হিসেবে ডিবিএল সিরামিকসের অনুষ্ঠানে হাজির হন তিনি।

সেই অনুষ্ঠানে সাকিব বলেছেন, টি-২০ দলের নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে প্রস্ত্তত তিনি। অধিনায়ক হিসেবে এশিয়া কাপ নয় বিশ্বকাপকেই টার্গেট করছেন। এবং সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের কাছে এখনই বড় কিছু আশা করছেন না তিনি।

অধিনায়কত্ব ফিরে পাওয়ার প্রসঙ্গে গতকাল সাকিব বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, উদ্দীপ্ত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্ত্তত মনে করি।’

অধিনায়ক হিসেবে এশিয়া কাপে বলার মতো লক্ষ্য নেই সাকিবের। বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্ত্ততি হিসেবে এগুলো।’

নতুন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম মূলত অস্ট্রেলিয়া প্রবাসী। ভারতীয় এই কোচের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে মনে করেন সাকিব, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু সে (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ জন বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। এশিয়া কাপে কতটুক আসবে বলাটা মুশকিল।’ তবে হুট করে এসে কেউ বাংলাদেশ দলকে বদলে দিতে পারবে, এমনটাও মনে করেন না সাকিব।

গতকাল তিনি বলেছেন, ‘আমি যদি মনে করি যে এক দিন দুদিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দেবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’

এশিয়া কাপ যেমনই হোক বাংলাদেশের টি-২০ অধিনায়কের চাওয়া বিশ্বকাপে দলগত পারফরম্যান্সে উন্নতির ছাপ রাখা।

ইত্তেফাক/এএইচপি