হাইকোর্টের এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর সনদ স্থগিত রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় পাস না করা-সংক্রান্ত আপিলে এমন আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।
রবিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
তবে এ বিষয়ে আপিলের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ ছাড়াও এ সময়ের মধ্যে হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে না বলে জানানো হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে আদেশে। এ বিষয়ে পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর।
এর আগে, গত ৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য আজকের এ দিন ধার্য করেন।
২০১৯ সালের ১৮ ডিসেম্বর ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এই বেঞ্চের সিনিয়র বিচারপতি তারিক উল হাকিম আপিল বিভাগে পদোন্নতি পাওয়ায় রুলটি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে শুনানি হয়।
