অপহরণের একদিন পর সেই ব্যবসায়ী ফিরে এসেছেন

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৫৭

বগুড়ার আদমদীঘি থানা এলাকা থেকে রবিবার রাতে অপহূত হওয়া ঢাকার ব্যবসায়ী দেওয়ান সামছুল হুদা (৪২) সোমবার রাতে ফিরে এসেছেন। রাত ১১টায় তিনি রাজধানীর মগবাজারের মীরবাগ এলাকার ভাড়া বাসায় ফিরে আসেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। রাতেই তাঁকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হসপিটালে ভর্তি করা হয়।

ব্যবসায়ীর স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করেছেন, রবিবার রাতে আদমদীঘিতে মাইক্রোবাসে তাঁর স্বামীকে অপহরণ করার পর ঢাকায় নিয়ে আসা হয়। একটি ভবনে তাঁকে আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। সোমবার সন্ধ্যায় তাঁকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় যে প্রথম পক্ষ মুশরাত জাহান দ্বিতীয় পক্ষ দেওয়ান সামছুল হুদাকে ২০ লাখ টাকা ও ফ্ল্যাটের বকেয়া ইউটিলিটি বিল পরিশোধ করবে। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে ৬ লাখ ৯০ হাজার টাকা প্রদান করবে। এই সমঝোতা হবার পর ভবিষ্যতে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর রোডের ৪২৩ নম্বর বাড়ির ৩/এ ফ্ল্যাটের ব্যাপারে কোনো পক্ষই আইনি ব্যবস্থা নিতে পারবে না। অঙ্গীকারনামায় স্বাক্ষর করার পর রাত ১১টার দিকে তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় হুমকি দেওয়া হয় যে, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিলে আরো বিপদে পড়বেন তাঁরা।