খালেদা জিয়ার রিটের শুনানি নিয়মিত বেঞ্চে

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৫৭

নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিটের শুনানি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গতকাল অবকাশকালীন ওই বেঞ্চের শেষ কর্মদিবস থাকায় শুনানি গ্রহণ না করে রিট আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়। আইনজীবীরা জানান, নিয়ম অনুযায়ী এই বেঞ্চের আদেশসহ মামলার নথি এখন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় যাবে। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা তাদের সুবিধামতো বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য পেশ করবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি এখন বিচারাধীন। এই রিটরে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলার কোনো সুযোগ নেই।

অন্যদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা বলেন, বিচার কার্যক্রম বন্ধের কোনো আদেশ নেই। এছাড়া, রুলও জারি হয়নি। ফলে মামলার কার্যক্রম চলতে বাধা নেই।

গত মে মাসে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১৭টি মামলা বিচারের জন্য কেরানীগঞ্জ কারাগারে আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ওই গেজেট বাতিল চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে এ রিট করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে অসুস্থতাজনিত কারণে বর্তমানে কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।