জলদস্যুদের হামলায় সাগরে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে ভোলার চরফ্যাশনের দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে বঙ্গোপসাগর মোহনার বায়ারচর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) ও তার চাচা মিজান মাঝি (৪০)।
চরফ্যাশন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রবিবার (২১ আগস্ট) সকালে এতথ্য নিশ্চিত করে জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জন জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এসময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করে। দস্যুদের হামলার ভয়ে জেলে রাব্বী সাগরে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেন। দুজনই ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করেছেন তাদের সঙ্গের অন্য জেলেরা।
ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
