এশিয়া কাপ থেকে হাঁটু ইনজুরি কারণে ছিটকে গেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদি । ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে । শনিবার এমন তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে আসন্ন এশিয়া কাপে মাঠে দেখা যাবে না শাহীন আফ্রিদিকে । এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এই ম্যাচে পাওয়া যাবে না শাহীন আফ্রিদিকে। এই নিয়ে ভারতকে খোঁচা দিলেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।
ওয়াকার ইউনুস শনিবার (২০ আগস্ট) এক টুইট করেন। তিনি টুইটারে শাহীন আফ্রিদির উইকেট উদযাপনের একটি ছবি শেয়ার করে লিখেন, শাহীনের ইনজুরি বড় স্বস্তি ভারতে টপ অর্ডারের জন্য। দুঃখের বিষয় আমরা তাকে এশিয়া কাপে দেখতে পাবো না । দ্রুত সুস্থ্য হয়ে উঠো চ্যাম্প।
২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে শাহীন আফ্রিদি ভারতের বিপক্ষে প্রথম ওভারে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট তুলে নিয়েছিলো। পরে ভিরাট কোহেলিকেও সাজঘরে ফেরান। সেই ম্যাচে এরপর আর ভারত একদম দাঁড়াতে পারেনি। এই নিয়েই হয়তো ভারতকে খোঁচা দিলেন ওয়াকার ইউনুস।
তবে এশিয়া কাপে না থাকলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারেন শাহীন আফ্রিদি। এই নিয়ে পিসিবির চিফ মেডিকেল অফিসার নজীবুল্লাহ বলেন, শাহীনের সঙ্গে কথা হয়েছে সে ইনজুরির এমন খবরে খুব বিরক্ত।
তিনি আরও বলেন, শাহীন এমন সাহসী তরুণ যে তার দেশ ও দলের সেবা করার জন্য অঙ্গীকার করেছে। পুনর্বাসনের সময় সে উন্নতি করেছে তবে এটি স্পষ্ট যে তার আরও সময় লাগবে এবং অক্টোবরের প্রতিযোগিতামূলক ক্রিকেট দিয়ে আবারো মাঠে ফেরার সম্ভবনা রয়েছে।
