আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির সঙ্গে বন্দি গণতন্ত্রও মুক্ত হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ১১ জুন শুধু শেখ হাসিনার মুক্তির দিন নয়, এটি গণতন্ত্রের মুক্তিরও দিন। তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর সাব-জেল থেকে মুক্তি পেয়েছিলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ও চাপের মুখে তত্কালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অব্যাহত প্রতিবাদের মুখে বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। হাছান বলেন, ১/১১ এর কুশিলবরা এখনও সক্রিয় এবং তারা দেশে আবার অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি এখন অস্থিরতার মধ্যে রয়েছে। আর তাদের ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ে তালা দেওয়ার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বিএনপিতে কোনো শৃঙ্খলা নেই।
এরপর ড. হাছান মাহমুদের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
