সংখ্যালঘুদের ওপর হামলা রোধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট : ১২ জুন ২০১৯, ০১:০১

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। গতকাল মঙ্গলবার গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ড. কামাল ও রেজা কিবরিয়া সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় গভীর নিন্দা জানান। তাঁরা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘর, দোকানপাট দখল, প্রতিমা ভাঙচুর ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসব বিচারহীনতার অপসংস্কৃতির নিন্দনীয় ঘটনার বিষয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, একইসঙ্গে এই ধরনের ঘটনা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।