চট্টগ্রামে স্বর্ণের বার উদ্ধার মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:২০

প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। 

রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা এ রায় দিয়েছেন। দণ্ডিতরা হলেন—জাকির হোসেন সুন্না, মোহাম্মদ জহির ও মোহাম্মদ ফারুক। এদের মধ্যে ফারুক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জুন নগরীর বায়েজিদ খানার রুবি গেইট এলাকায় পুলিশ একটি প্রাইভেট কার তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারের যাত্রী জাকির, জহির ও ফারুককে গ্রেফতার করা হয়। তাদের বাসা হিলভিউ আবাসিক এলাকায়। পরে স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় বায়েজিদ খানার সহকারী উপ-পরিদর্শক সঞ্জীব দত্ত বাদী হয়ে মামলা দায়ের করেন।

মহানগর পিপি মোহাম্মদ ফকরুদ্দিন চৌধুরী জানান, পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ নভেম্বর তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ১৮ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।

ইত্তেফাক/এমএএম