মিরসরাইয়ে কথিত জিনের বাদশা আটক

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:০১

মিরসরাইয়ে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়ল কথিত জিনের বাদশা রাকিব শেখ (২৪)। উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে তাকে মিরসরাই থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়। রাকিব শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের ছেলে। 

মায়ানী এলাকার বাসিন্দা আবুল হোসেন বাবুল বলেন, মোবাইলে এলাকার এক নারীর সঙ্গে প্রতারণার বিষয়টি শোনার পর কথিত জিনের বাদশাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। আগে থেকে পরিকল্পনা অনুযায়ী একটি বিদ্যুতের খুঁটির নিচে টাকা রাখা থাকে। সেখানে স্বর্ণের মূর্তি রেখে টাকাগুলো বুঝে নেবে কথিত জিনের বাদশা। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় টাকা নিতে এলে তাকে সবাই ধরে ফেলে। এরপর থানায় খবর দিলে রাতে পুলিশ এসে নিয়ে যায়। 

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. খায়রুল বলেন, কথিত জিনের বাদশাকে আটক করে এলাকাবাসী খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এমএএম