কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ফের সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেলে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সোমবার সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সি-ভিউতে ওঠেন। দুপুর ২টার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হন সুবজ।
কুয়াকাট ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, নিখোজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গতকাল রবিবার দুপুর ১টার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোজ হয়। পরে বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
