বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আদালতকে নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করে সাজা দেওয়া হচ্ছে। ২১ আগস্টের মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রিত আদালতের বিরুদ্ধে কথা বললে, ফরমায়েশি রায়ের বিরুদ্ধে কথা বললে ফৌজদারি অপরাধ হয় না।
সোমবার (২২ আগস্ট) কেরানীগঞ্জের ঢাকা মহাসড়কে এক বিশাল মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জ্বলানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল হয়েছে।
আদালতের বিরুদ্ধে কথা বলে রিজভী ফৌজদারি অপরাধ করেছেন- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, আইন আদালত এখন সরকারের নিয়ন্ত্রণে। আদালত এখন সরকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের হুকুমে দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং, তাদের ফরমায়েশি রায় বা নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলা মানে অপরাধ নয়।
রিজভী বলেন, যে দেশের প্রধান বিচারপতিকে দেশ থেকে জোর করে নির্বাসনে পাঠানো হয়, সত্য রায় দিয়ে, সরকারের মন মতো নয় এরকম ন্যায় বিচার করেও বিচারককে যেখানে দেশ ছাড়তে হয়, সে দেশের বিচারব্যবস্থা কতটা স্বাধীন তা সবাই জানে।
কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরি, মোজাদ্দেদ আলী বাবুসহ কয়েক শত নেতা-কর্মী।
