সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজাধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ আগস্ট) জোটের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্মেলনকে সফল করার জন্য জোটের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনের মাধ্যমে জোটের নতুন কমিটি গঠন করা হবে উল্লেখ করে আহ্কাম উল্লাহ বলেন, ‘সারাদেশে সংস্কৃতির জাগরণ প্রয়োজন। এজন্য এই সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার জন্য জোটের কমিটি পুনঃগঠন করা হবে।’
