জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলা নাটকে বিশেষ ধারা তৈরির ক্ষেত্রে মোশাররফ করিমের কৃতিত্ব দেওয়াই লাগে। নাটকের পাশাপাশি তিনি বেছে বেছে সিনেমাও করেন। এই গুণী অভিনেতার জন্মদিন ছিল সোমবার (২২ আগস্ট)। বিশেষ এ দিন উপলক্ষে শোবিজের মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
জানা গেছে, মোশাররফ করিমের এবারের এই বিশেষ দিনটি কেটেছে মালয়েশিয়ায়। কাজের সুবাদেই সেখানে অবস্থান করছেন এই তারকা।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছার প্রতি উত্তর দিয়েছেন এ অভিনেতা।
পোস্টে তিনি লিখেছেন, আমার জন্মদিন গত হলো। কাজের মধ্যেই ছিলাম। খুব আনন্দে ছিলাম তাও নয়। অন্যসব দিনের মতোই কাটল। ব্যতিক্রম সবার ভালোবাসামাখা বার্তা। ‘আমি একটু অন্যরকম’ এই ভাবনায় যে ফুলে থাকি সেটা চুপসে যায়। আবিষ্কার করি আমিও সবার মতোই- ভালোবাসাই ভালোবাসি। ভালোবাসার জন্য সবাইকে ভালোবাসা।
এদিকে, জন্মদিনে মোশাররফ করিমকে নিয়ে সুখবর দিয়েছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। তার তৃতীয় সিনেমা ‘বৈদ্য’তে অভিনয় করবেন এই অভিনেতা। এতে নাম চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে।

আসছে অপু বিশ্বাসের ‘ঈশা খাঁ’