প্রশিক্ষিত ও মাদকমুক্ত গাড়িচালক নিরাপদ সড়ক যাত্রা নিশ্চিত করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
তিনি বলেন, গাড়ি চালকদের অনেকেই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। এ কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। চালকরা যাতে মাদকাসক্ত না হয়, সেজন্য মোবাইল টিমের মাধ্যমে ডোপটেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নীতিমালা তৈরির কাজ চলছে। পাশাপাশি চালকদের অনুরোধ করবো ৬ মাসে অন্তত একবার নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে। এতে যাত্রীদের নিরাপদ যাত্রা অনেকটাই নিশ্চিত হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর খিলক্ষেতে বিআরটিসির জোয়ার সাহারা ডিপো ও ট্রেনিং সেন্টারে আয়োজিত চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মাদক ব্যবহারের ক্ষতি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান এসব কথা বলেন।
আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিআরটিএ ও ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফর হেল্থ অ্যান্ড ওয়েলবিং এর যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, বিআরটিএ’র পরিচালক (রোড সেইফটি) মো. মাহবুব-ই-রাব্বানী, বিআরটিএ’র পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলামসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
