পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:২১

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা।  সমগ্র দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায়  অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই এটা তোমার একার জন্য কোনো ভয়ের বিষয় নয়। প্রতি বছরই এরূপ একটি পাবলিক পরীক্ষা হয়ে থাকে। তোমাদের মতো শিক্ষার্থীরাই বছর বছর পরীক্ষা দিয়ে আসছে।

প্রশ্নকাঠামো ও পাঠ্যবই তোমাদের উপযোগী করেই সাজানো হয়েছে। পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়া থাকলে সকল প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে। তাই পরীক্ষা নিয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।  এ পরীক্ষা হলো একটা মূল্যায়ন প্রক্রিয়া। সারাবছর কী পড়েছ  তা জানা।

তোমাদের সকলেরই মেধা আছে । বড় হলে তোমাদের সে মেধার আরো বিকাশ হবে এবং তা প্রতিফলিত হবে পরিবারে, সমাজে ও দেশে। তাই এখন থেকে সে চর্চা করে যেতে হবে। পড়তে হবে বেশি বেশি, খেলতে হবে, সংস্কৃতি চর্চায় যুক্ত থাকতে হবে। তবেই মেধার বিকাশ হবে সৃজনশীল হয়ে উঠবে।

তোমাদের পরীক্ষায় সকল প্রশ্নই পাঠ্যবই নির্ভর হবে। যোগ্যতা ভিত্তিক প্রশ্নও পাঠ্যবই নির্ভর হবে। পাঠ্যবইটি মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ে যাও দেখবে সকল প্রশ্নের উত্তরই তুমি লিখতে পারছো।

তোমরা বড় হও, অনেক বড় হও এই কামনা করি।