গণমাধ্যমকর্মী সাব্বির আহমেদ সন্ধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই আয়োজন করে বেসরকারি টেলিভিশন ও রেডিও এর সংবাদ উপস্থাপকদের সংগঠন, নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ-এনবিএ।
গত ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় তুরাগ থানার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক সাব্বির আহমেদ সন্ধি ও তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ২৩ আগস্ট তুরাগ থানায় মামলা দায়ের করা হলেও, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এনবিএ সাংগঠনিক সম্পাদক রাইসুল হক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ডক্টর অখিল পোদ্দার, এনবিএর সহকারী ভাইস প্রেসিডেন্ট মীর তৌফিক হাসান, সাধারণ সম্পাদক জাভেদ কারদার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মেহের-ই-খোদা দিপ, সাদাত সাকের, ট্রেজারার তাসরিমা নাহিদ তন্নি, দপ্তর সম্পাদক আতাউল গণি ওসমানি, ইভেন্ট সম্পাদক জাফর সাদিক, কালচারাল সম্পাদক মুজাহিদুল ইসলাম শিব্বির, নির্বাহী সদস্য লোপা হোসাইন, তাইজিন রহমান, রিয়াজ হাফিজ, রাজিব জামান, উপ সাংগঠনিক সম্পাদক নাদিরা আশরাফ, উপ দপ্তর সম্পাদক আশিক তমাল, উপ আইটি সম্পাদক রিশান মাহমুদ, ডেপুটি ট্রেজারার আদনান হোসাইনসহ সকল বেসরকারি টেলিভিশন ও রেডিও এর সংবাদ উপস্থাপক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্টরা ।
এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আয়োজকরা।
