ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পায়ে নকল ব্যান্ডেজ পেঁচিয়ে ছদ্মবেশে ভিক্ষা করা অবস্থায় সাংবাদিকের আইডি কার্ডসহ এক বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোর্পদ করা হয়।
শনিবার (২৭ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছদ্মবেশী ঐ বহিরাগতের নাম সজিব। সে নিজেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা বলে দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পায়ে নকল ব্যান্ডেজ পেঁচিয়ে ও শারীরিক অসুস্থতার কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ভিক্ষা করছিলেন ঐ ছদ্মবেশী। এ সময় তার আচরণ ও বেশভূষা সন্দেহজনক মনে হলে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে নকল ব্যান্ডেজের বিষয়টি বেরিয়ে আসে। পরে তাকে তল্লাশী করা হলে, তার কাছে একটি পত্রিকার সাংবাদিক আইডি কার্ডসহ কুষ্টিয়ার একটি কলেজের এক শিক্ষার্থীর আইডিকার্ড ও বেশকিছু টাকা পাওয়া যায়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা তাকে উত্তমমধ্যম দেয় বলে জানা গেছে।
এবিষয়ে অভিযুক্ত সজিব সাংবাদিকদের বলেন, পা ভাঙ্গা থাকার কারণে ব্যান্ডেজ করে সাহায্যের জন্য এসেছিলাম। সাংবাদিকের কার্ডটি কুড়িয়ে পেয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, তার কাছে পাওয়া সাংবাদিকতার কার্ড জাল না বৈধ এটা তদন্ত করা কঠিন ব্যাপার। যেহেতু এই বিষয়গুলো তদন্ত করা দুঃসাধ্য তাই আমরা তাকে পুলিশে দিয়ে দেবো তারা বিষয়টি তদন্ত করবে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রক্টোরিয়াল বডি আছে তারা বিষয়টি দেখভাল করবে। বিষয়টি যদি ভুয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
