অপরাধ প্রতিরোধ ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরকে আনা হচ্ছে ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরার আওতায়। ইতোমধ্যে ৮০ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানোয়ার রহমান বলেন, ‘উপজেলা সদরে প্রায় ৬০০ ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে ব্যাংক, বীমা ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে আসেন। সিসি ক্যামেরা স্থাপন হওয়ার মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে।’
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘উপজেলা সদরের প্রায় ৬০টি পয়েন্টে ১০০টি ক্যামেরা স্থাপনা করা হচ্ছে। প্রয়োজনে পরবর্তী সময়ে বৃদ্ধি করা হবে। থানায় স্থাপনকৃত কন্ট্রোল রুমের মাধ্যমে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। এ উদ্যোগ অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিসি ক্যামেরায় ধারণকৃত চিত্র পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।’
