কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় এখনো একজনের পরিচয় মেলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
এর আগে শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনো মেলেনি।
নিহতরা হলেন উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম বলেন, ‘টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি ৩ যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাকি নিহত একজনের পরিচয় মিলছে না। তাই পরিচয় শনাক্তে সিআইডি ও পিটিআই’র সহযোগিতা নেওয়া হয়েছে। এ দুই বিভাগের টিম এসে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে গেছেন। তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গের হিম ঘরে রাখা হয়েছে।’
পরিচয় শনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়, বিষয়টি জানান হাইওয়ে পরিদর্শক সাইফুল আলম।
