ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ১১১ বল থেকে ১১টি চার ও একটি ছক্কার মারে ১০৭ রান করেছেন তিনি। দলীয় ২৪২ রানে শাহিন আফ্রিদির বলে ফিরেন ওয়ার্নার। এরপর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওসমান খাজাও ফিরেছেন সাজঘরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।
বুধবার বিকেলে টস হেরে ব্যাট হাতে নেমে কিছুটা সতর্কতার সঙ্গে শুরু করে অস্ট্রেলিয়া। এরপর ক্রমেই মারমুখি হয়ে ওঠে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ১৪৬ রানের দারুণ ওপেনিং জুটি গড়ে দলটি। শেষ পর্যন্ত ফিঞ্চকে মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত করে ওপেনিং জুটি ভাঙেন আমির। আউট হওয়ার আগে ৮৪ বল থেকে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন ফিঞ্চ।
এরপর দলীয় ১৮৯ রানে হাফিজের বলে আসিফ আলীর হাতে ধরা পড়ে বিদায় নেন স্টিভ স্মিথ। মাত্র ১০ বল থেকে ২০ রান করে ব্যাটে ঝড় তোলার আভাস দিচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভয়ানক হয়ে ওঠার আগেই তাকে ফেরালেন শাহিন আফ্রিদি। এরপর সেঞ্চুরিয়ান ওয়ার্নার শাহিন আফ্রিদির ও ওসমান খাজাকে আমিরের বলে আউট হয়ে মাঠ ছাড়েন।
ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম তিন ম্যাচের দুটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। চার পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের চারে। অপরদিকে সমান ম্যাচে পাকিস্তান একটিতে জয় পেয়েছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন পয়েন্ট তাদের অবস্থান পয়েন্ট তালিকার ৮ নম্বরে।
ইত্তেফাক/কেআই
