খুলনায় র্যাব-৬-এর সদস্যরা অভিযান চালিয়ে শনিবার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের ভুয়া সিলমোহরসহ রিপন বিশ্বাস নামের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার প্রতারক চক্রের সদস্য রিপন বিশ্বাস খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা।
রবিবার দুপুরে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন লোকজনের কাছে টাকার বিনিময়ে জাল সনদ ও সিলমোহর তৈরি করে প্রতারণার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান অব্যাহত রাখে।
এক পর্যায়ে শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে তেরখাদা উপজেলার ভুজনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য রিপন বিশ্বাসকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানের ২৯টি নকল সিলমোহর, দুই পাতা ভুয়া প্রত্যয়নপত্র, ৯২ নকল ওয়ারিশ কায়েম সনদপত্র, ২২ পাতা ভূমি অফিসের পর্চা ও খতিয়ান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ আলামতসহ রিপন বিশ্বাসকে তেরখাদা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
