সান্না মারিনকে সমর্থন জানিয়ে নিজের নাচের ছবি পোস্ট করলেন হিলারি ক্লিনটন

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:২৭

সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে নিজের একটি নাচের ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আর তাতে নিজেই সান্না মারিনকে উল্লেখ করে লিখেছেন, ‘নাচতে থাকুন’। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনোর প্রতি সংহতি জানিয়ে তিনি এ ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, হিলারি টুইটারে যে ছবি পোস্ট করেছেন তা ২০১২ সালের। তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলম্বিয়া সফরে গিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্লাবে ভিড়ের মধ্যে তিনি হাসি মুখে নাচের ভঙ্গি করছেন। ওই পোস্টের নিচে তিনি লিখেছেন, নাচতে থাকো সান্না মারিন।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করে লিখেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ আবার সেখানে একটি হার্টের ইমোজিও দিয়েছেন তিনি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস হওয়ার পর অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ ঠিক নয়। কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন। 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন

৩৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, মাঝে মাঝে নিজের ইচ্ছের বাধ খুলে ফেলা গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষ। আমারও মাঝে মাঝে এই কালো মেঘের মধ্যে আনন্দ, আলো ও মজা করতে ইচ্ছে হয়। আমি আমার দায়িত্ব (প্রধানমন্ত্রী হিসেবে) অবহেলা করে একটি দিনও নষ্ট করিনি।’ 

এদিকে নাচের ভিডিও ফাঁস হওয়ার পর সান্না মারিন অবশ্য ক্ষমা চেয়েছেন। 

ইত্তেফাক/এএইচপি