টি-২০ তে প্রতিটি ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি করতে হবে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে, শেষ ওভারের প্রথম বল করতে না পারে তাহলে যতো ওভার বাকি আছে তার পুরোটা সময় বল করতে হবে বৃত্তের ভেতর পাঁচজন ফিল্ডার রেখে। এই বছরের জানুয়ারি থেকে এমন নিয়ম চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আর এই শাস্তির নাম 'ইন ম্যাচ পেনাল্টি'।
এবারের এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলকেই পেতে হয়েছে 'ইন ম্যাচ পেনাল্টি' শাস্তি। নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভার শুরু করতে না পারায় শেষ ৩ ওভার ৫ জন ফিল্ডারকে বৃত্তের ভেতর রেখেই বল করতে হয়েছে পাকিস্তান দলকে। আর এই সুবিধকে কাজে লাগিয়েই ম্যাচ নিজেদের করে নেয় ভারত। যদিও একই শাস্তি ভোগ করতে হয়েছে ভারতকেও।
তবে এমন শাস্তি ভোগ করতে চায় না বাংলাদেশে দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত সময়ের মধ্যেই বোলিং শেষ করতে চান তিনি। আর তাকে সাহায্য করতে প্রস্তুত বোলার ও ফিল্ডাররা। সবাই 'ইন ম্যাচ পেনাল্টি' এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। গতকাল প্রস্তুতি ম্যাচের কথা টেনে এক আম্পায়ার একথা জানান।
এশিয়া কাপের উদ্দেশ্য নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে ২১ ও ২২ আগস্ট নিজেরা ভাগ হয়ে খেলেন দুটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচ দুটিতে শেষ ওভারের নির্ধারিত সময়ের একটিতে সাত মিনিট ও অন্যটিতে ছয় মিনিট আগে ওভার শেষ করেছিল বোলাররা। সাকিব নিজেই ম্যাচের আম্পায়ারদের সময়ের ব্যাপারে ছাড় না দিতে বলেন। সাকিবের সময়ের ব্যাপারে কড়াকড়িতে সতর্ক দলের সবাই।
