করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির 

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২:২৬

মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৭) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১) মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মেডিক্যাল টিমের পরামর্শ মতে মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন তিনি পর্যবেক্ষণে থাকবেন।

তবে কার্যালয়ের বিবৃতিতে মাহাথিরের করোনার উপসর্গ বা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুই দশকের বেশি সময় ধরে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার হৃদ্‌রোগের ইতিহাস রয়েছে। তিনি অতীতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তার বাইপাস সার্জারি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী করোনার অন্তত তিন ডোজ টিকা নিয়েছেন। সবশেষ ডোজ ২০২১ সালের নভেম্বরে নিয়েছেন।

২০২১ সালের ডিসেম্বরে মাহাথির এক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে মাহাথির আবার হাসপাতালে ভর্তি হন। এই দফায় তিনি ছয় দিন হাসপাতালে ছিলেন।

ইত্তেফাক/এসআর