কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের প্রভাব ও উপনিবেশের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠান শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশে পরিণত হব।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আলেম সমাজ ও ধর্মীয় পণ্ডিতদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে হবে।
তবে প্রযুক্তিগত অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের মূল শক্তিতে ব্যাঘাত না ঘটায় সেদিকে জোর দেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রযুক্তির বিকাশ যেন আমাদের ইমান ও নৈতিক মূল্যবোধ রক্ষা করে তা নিশ্চিত করতে হবে।’
প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে তীব্র বিতর্ক চলা সত্ত্বেও মুসলিম আলেম ও সমাজ এই চ্যালেঞ্জগুলোর দিকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নীতি ও ধর্মীয় আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠে তা সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর কেরালা সফর করেন আনোয়ার ইব্রাহিম।
সূত্র: আনাদোলু এজেন্সি

