সেই ঝুমন দাশ আবার গ্রেফতার, আদালতে সোপর্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৭:৫৮

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের সেই ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।

শাল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অপরাধে পুলিশ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঝুমনকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে রাতেই শাল্লা থানার সাব ইন্সপেক্টর সমনুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ঝুমনের মা নিভা রানী দাস বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ সদস্য এসে বলেন, ঝুমনকে পাশের নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য। ওখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান। থানায় তাকে সারাদিনই জিজ্ঞাসাবাদ করা হয়।’

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ঝুমনের ফেসবুক আইডিতে ধর্মকে ইঙ্গিত করে ‘ভন্ডামি-ইতরামি’ এসব শব্দ পোস্ট দেয়। উস্কানিমূলক এই পোস্ট দেওয়ার পর তিন দিন এলাকায় পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। সকালে তাকে আদালতে সোপর্দর উদ্দেশে জেলা সদরে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেফতার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালায় মামুনুল হকের অনুসারীরা।

ইত্তেফাক/মাহি