সাভার থেকে অপহৃত স্কুলছাত্র কুষ্টিয়ায় উদ্ধার, আটক ১

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:১৯

সাভার থেকে মামুন মোল্লা রিপন (১২) নামের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার চারদিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এসএম গোলাম আজম সাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া কুমারখালির আলাউদ্দিন গ্রাম থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। রিপন সাভারের দক্ষিণ পাড়া কাঠপট্টি এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভার অধরচন্দ্র বিদ্যালয়ের প ম শ্রেণীর ছাত্র। গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্টি আলিয়া মাদরাসার সামনে থেকে অপহৃত হয় মামুন। পরে থানায় একটি অপহরণ মামলা করে তার বাবা কুদ্দুস মোল্লা। গ্রেফতার এস এম গোলাম আজম সাবু কুষ্টিয়া কুমারখালির আলাউদ্দিন গ্রামের এস এম গোলাম সরোয়ারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সন্ধ্যায় সাভার পৌরসভা এলাকার দক্ষিণ কাঠপট্টি আলিয়া মাদরাসার সামনে থেকে মামুনকে অপহরণ করে আজম। পরে আজম মুঠোফোনে মামুনের বাবা কুদ্দুসের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল খান বলেন, অপহরণ করার পর তিন লাখ টাকা দাবি করে আজম। সে ভুক্তভোগীর পরিবারের পূর্ব পরিচিত। দাবিকৃত টাকা প্রদানের লোভ দেখিয়ে কৌশলে কুষ্টিয়া গিয়ে আজমকে গ্রেফতার করে পুলিশ। 



ইত্তেফাক/এমএএম