বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের ৪৮ নম্বর মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কটি দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ভোগান্তি পোহাতে হয় এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের। তাদের দাবি, দীর্ঘ ২২ বছরেও সড়কের সংস্কার করা হয়নি।
স্হানীয়রা জানান, ২০০০ সালে তত্কালীন ইউপি চেয়ারম্যান এক কিলোমিটার সড়কের পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন। এরপর সড়কটি আর সংস্কার করা হয়নি। তারা বিশেষ বরাদ্দের আওতায় সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সম্পূর্ণরূপে সড়কটি মেরামত করেছিলাম। এরপর থেকে সড়কটির মেরামত কাজে কেউ এগিয়ে আসেনি।
এ ব্যাপারে সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, সড়কটির এলজিইডির আইডি আছে। অনেক আগে কার্পেটিং হয়েছিল। সড়কের উন্নয়নের জন্য ইতিপূর্বে স্থানীয় এমপি মো. শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কেন যে কাজ হচ্ছে না, তা আমি জানি না।
