তেহরিক-ই তালেবানকে দমন করতে চায় পাকিস্তান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৩

পাকিস্তানি সামরিক বাহিনী তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াই আফগানিস্তানের ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সাবেক আফগান গোয়েন্দা প্রধান রহমতুল্লাহ নাবিল সোমবার (২৯ আগস্ট) এই দাবি করেন। ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সাবেক আফগান কর্মকর্তা টুইটারে লিখেছেন, পাকিস্তান কয়েকদিন ধরে আফগানিস্তানে টিটিপিকে দমন করার জন্য অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ডে কয়েকদিন আগে থেকেই টিটিপির বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু হয়েছে। এই অভিযান নিয়ে হয় আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা এম ইয়াকুবের সঙ্গে পরামর্শ করা হয়নি অথবা তিনি ভান করার চেষ্টা করছেন যে তারা স্বাধীন।

আফগানিস্তানের তালেবান পূর্বে টিটিপি ও পাকিস্তানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। সক্রিয়ভাবে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা ও শান্তি আলোচনার সুবিধা প্রদান করেছিল।

তবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বিরমল এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে শীর্ষ পাকিস্তানি তালেবান কমান্ডারদের সাম্প্রতিক হত্যাকাণ্ড সেনাবাহিনী ও টিটিপির মধ্যে চলমান আলোচনায় একটি বিঘ্ন ঘটাতে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সামরিক আলোচকরা টিটিপিকে আফগানিস্তান থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার নিরাপদ পথ দিবে। যদি তারা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এছাড়াও টিটিপির সংগঠনকে বিলুপ্ত করে মূলধারার রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তাব দেয় পাকিস্তান।

তবে, টিটিপি বলেছে, তাদের হত্যার সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা নিশ্চিত করার জন্য তারা তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার পর তারা পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাবে কিনা সে বিষয়ে বিস্তারিত বিবৃতি জারি করবে। 

ইত্তেফাক/এসআর