বিচারকরা মননে স্বাধীন না হলে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত: কৃষ্ণা দেবনাথ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৪

আপিল বিভাগের বিচারপতি কৃঞ্চা দেবনাথ বলেছেন, বিচারকরা মননে স্বাধীন না হলে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত। তিনি বলেন, আজকের এই শেষ দিনে এ আশা নিয়েই বিচারাঙ্গন থেকে বিদায় নিতে চাই। একজন বিচারক বিচারকাজে সম্পূর্ণ স্বাধীন এই মূলমন্ত্র ধারণ করেই বিচারকাজ সম্পন্ন করবেন আর আপনারা অর্থাৎ আইনজীবীগণ সে কাজে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের স্বার্থেই। 

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে বিচারপতি কৃঞ্চা দেবনাথ এ কথা বলেন।

আজ ছিল বিচারপতি কৃঞ্চা দেবনাথের শেষ কর্মদিবস। এই দিনই বিচার আসনে বসে শেষ বক্তব্য দিলেন তিনি।

বিচারপতি কৃঞ্চা দেবনাথ বলেন, আমার ৪১ বছরের বিচারিক জীবনে আমি বহুবার বিদায় নিয়েছি। কিন্তু কর্মজীবন থেকে আজ আমার শেষ বিদায়। এরপর শুরু হবে আমার নতুন জীবন। আপনারা সবাই প্রার্থনা করবেন আমার জীবনের শেষ অধ্যায়টি যেন আমি আমার পরিবার পরিজন নিয়ে সহজ সরল, আনন্দময় আর সুস্থভাবে কাটিয়ে অনির্ধারিত শেষ বিদায়কে আলিঙ্গন করতে পারি। 

তিনি বলেন, আমার এই ৪১ বছরের বিচারিক জীবনে এ বিশ্বাসে আমি উপনীত হয়েছি যে, বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে নিরঙ্কুশভাবে বাস্তবায়ন হলেও একজন বিচারক যদি তার মননে, চলনে, বিশ্বাসে নিজেকে স্বাধীন মনে না করে তবে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত।

এর আগে, তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজউদ্দিন ফকির। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে