বিশ্বমানের বোলার নেই বিশ্বাস করি না: লঙ্কান স্পিন কোচ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৬

এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগেই কথা লড়াইয়ে জড়িয়েছেন বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও লঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনা। 

যদিও এই কথার লড়াইয়ের সূচনা হয়েছিলো ২৭ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের সাথে লঙ্কানদের ৮ উইকেটের পরাজয়ের মাধ্যমে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, বাংলাদেশ দলে সাকিব ও মুস্তাফিজ ছাড়া কোন বিশ্বমানের বোলার নেই। 

আর এই কথার রেশ ধরে গতকাল (৩১ আগস্ট) খালেদ মাহমুদ সুজন বলেন, শ্রীলঙ্কার সাকিব মুস্তাফিজের মানের বোলার নেই। তবে সুজনের এমন বক্তব্যের সাথে একমত নন লঙ্কান স্পিন কোচ পিয়াল ভিজেতুংগা। 

তিনি মনে করেন বিশ্বমানের বোলার ছাড়া কোন দল আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে না। তিনি বলেন, এমন মন্তব্য (লঙ্কান বোলারদের নিয়ে সুজনের মন্তব্য) সম্পর্কে আমি অবগত নই, শুধু পরিসংখ্যান দিয়ে আপনি বোলারের মান নির্ধারণ করতে পারবেন না। প্রত্যেক দলেই মান সম্পন্ন বোলার আছে, তা না হলে আপনি এখানে আসতে (আন্তর্জাতিক ক্রিকেটে) পারবেন না। আমি জানি না কে এটা বলেছে কিন্তু আমি তা বিশ্বাস করি না।

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির পর থেকেই এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বেশ উত্তপ্ত। এবার এশিয়া কাপে নিজেদের ডু অর ডাই ম্যাচের আগে চলছে কথার লড়াই। ম্যাচে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষায়।

ইত্তেফাক/জেডএইচ/এএইচপি