এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামছে বাংলাদেশ। আজ হারলেই শূন্য হাতে বাড়ি ফিরতে হবে বাংলাদেশ দলকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের।
এশিয়া কাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প আর কিছুই নেই। আফগানিস্তানের সাথে হারে এমনিতেই বিপর্যস্ত দল। তার ওপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মাঠে গড়ার আগেই কথার লড়াই শুরু হয়েছে দুই দেশের মধ্যে। এমন অবস্থায় ম্যাচে বাড়তি চাপ থাকবে ক্রিকেটারদের ওপর।
তবে, বাংলাদেশের পক্ষে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন দলের কাপ্তান সাকিব আল হাসান। বোলিং ব্যাটিং দুই দিক দিয়েই হতে পারে বাংলাদেশের ত্রাণকর্তা। এর আগেও অনেকবার দলের বিপদের হাত থেকে দলকে রক্ষা করেছেন তিনি। যেকোনো সময় ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার সামর্থ্য আছে এই বিশ্বসেরা অলরাউডারের। অন্তত তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ের পরিসংখ্যান সেই কথায় বলে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচে ১২০ স্ট্রাইক রেটে করেছেন ২০২১ রান। সেইসঙ্গে বল হাতে নিয়েছেন সর্বোচ্চ ১২২ উইকেট। শুধু উইকেট না রান দেবার বেলায় যথেষ্ট কৃপণ তিনি।
তার ইকোনোমি ৬.৭০ যা টি-২০ ক্রিকেটের জন্য বেশ আদর্শ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে ছিলেন সাবলীল। নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি সাকিব। তাই বাঁচা মরার লড়াইয়ে তিনি চাইবেন নিজের সেরাটা উজাড় করে দিতে।
তাই এই ম্যাচে আলাদা নজর থাকবে বাংলাদেশে ক্রিকেটের এই পোস্টার বয়ের ওপর।
