ফেরি থেকে নদীতে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬

পিরোজপুরে ফেরির থেকে কচা নদীতে পড়ে আবদুল্লাহ বিন কাফী (৪১) নামের এক রাজস্ব কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

পুলিশ জানান, আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা থেকে প্রাইভেটকারে নিজ বাড়ি ভোলায় যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে নলবুনিয়া বেকুটিয়া ফেরি ঘাটে গাড়ি রেখে চালক টয়লেট যান। আবদুল্লাহ বিন কাফী গাড়ি থেকে নেমে ফেরির পন্টুনে গিয়ে হাঁটাহাটি করার সময়ে নদীতে পড়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দল আসার জন্য খবর পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। 

ইত্তেফাক/এমএএম