ভারতীয় পাইলটকে বিদ্রুপ করে পাকিস্তানের বিশ্বকাপ বিজ্ঞাপন

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:১৮

 

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আবারো ভারত-পাকিস্তান উত্তেজনা। রবিবার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। স্বভাবতই এটি এই বিশ্বকাপের আলোচিত লড়াইয়ের মধ্যে একটি। এরকম অবস্থায় জাতীয় বীরের সম্মান পাওয়া এক ভারতীয় পাইলটকে বিদ্রুপ করে পাকিস্তানে টেলিভিশন বিজ্ঞাপন বানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার সময় পাকিস্তানের সীমান্তের ভেতরে আটক হয়েছিলেন ওই পাইলট। পরে ওই পাইলটকে মুক্তি দেওয়া হয়। পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার পর ভারতে তাকে বীরের বেশে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপনটিতে একজন অভিনেতার পাইলট অভিনন্দনের মতো গোঁফ রয়েছে এবং তিনি ভারতীয় ক্রিকেট দলের জার্সির অনুকরণে জার্সি পরিহিত। আটকের পর অভিনন্দনকে জিজ্ঞাসাবাদের যে ভিডিও প্রকাশ করা হয়েছিল, বিজ্ঞাপনটিও হুবহু ঠিক সে আদলেই তৈরি করা হয়েছে। আসল ভিডিওটিতে অভিনন্দন তার স্কোয়াড্রেন এবং মিশন সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলে জানান। তিনি বলেন, আমি দুঃখিত, আমি আপনাকে তা বলতে পারবো না। টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনেতা একই ধরনের বাক্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে অপারগতার কথা প্রকাশ করেন।

বিজ্ঞাপনটিতে ওই অভিনেতা চা খাওয়ার সময় বিশ্বকাপে দুই দেশের আসন্ন ক্রিকেট ম্যাচের নানা কৌশল যেমন, ভারতীয় দলের খেলোয়াড়দের বিন্যাস কেমন হবে তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। বিজ্ঞাপনটি শেষ হয়, অভিনেতাকে যাওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে। তবে তাকে ‘কাপ’ রেখে চলে যেতে বলা হয়, যা দিয়ে আসলে ক্রিকেট বিশ্বকাপ ট্রফিকেই বোঝানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি বাংলার

বিজ্ঞাপনটি ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক ওই ঘটনার একটি ব্যঙ্গচিত্র হলেও, ভারতীয়রা এর বিরুদ্ধে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একে ‘অ-সংবেদনশীল’ এবং ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। হর্ষ গোয়েনকা এক টুইটারে বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আগে আমাদের নায়ক বর্তমানকে পাকিস্তানের বিদ্রুপ করাটা লজ্জাজনক। আমরা প্রতিশোধ চাই।’ কিন্তু অনেকে এই বিজ্ঞাপনকে বিদ্রুপাত্মক বলে এর নিন্দা জানালেও এতে কৌতুক রয়েছে বলে উল্লেখ করেছেন। অনেকে আবার, এই বিজ্ঞাপনকে আমলে নিয়ে ম্যাচ জিতে ভারতকে এর সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানিয়েছেন।