এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ম্যাচের পর টুইট করেছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনা। তিনি লিখেছেন, এখন নিশ্চিন্তে বলায় যায়, শ্রীলঙ্কার পারফরম্যান্স 'ওয়ার্ল্ড ক্লাস'।
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনা। যদিও এই কথার লড়াইয়ের সূচনা হয়েছিল ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ৮ উইকেটের হারের পর।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাক বলেছিলেন, বাংলাদেশ দলে সাকিব ও মুস্তাফিজ ছাড়া কোন বিশ্বমানের বোলার নেই। এই কথার রেশ ধরে খালেদ মাহমুদ সুজন ৩১ আগস্ট বলেছিলেন, বাংলাদেশের সাকিব মুস্তাফিজ আছে। শ্রীলঙ্কার কোন বিশ্বমানের বোলার দেখি না। এরপর ১ সেপ্টেম্বর মাহেলা টুইট করে শ্রীলঙ্কার বোলারদের জাত ও ক্লাস দেখাতে বলেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে শেষ হাসি হাসে শ্রীলঙ্কা। তারা ২ উইকেটে হারায় বাংলাদেশকে। ম্যাচ শেষে শুক্রবার (২ সেপ্টেম্বর) আবার টুইট করেন মাহেলা। টুইটে তিনি লিখেন, ছেলেরা দারুণ খেলেছে! চাপের মুখে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে। এহকন নিশ্চিতভাবে বলা যায়, এটা ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যন্স ছিল।
