স্বেচ্ছাসেবী সংগঠন ‘২ টাকায় উপহার’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তরার একটি রেস্টুরেন্টে উদযাপন হয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ২৬ মে সংগঠনটির পথচলা শুরু। এরপর থেকে শিশু থেকে বৃদ্ধ সব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করে আসছে এই সংগঠনটি।
২ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের উপ-কমিটি সদস্য, জেলা প্রতিনিধি, সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বেনজির আবরার, সংগঠনের সভাপতি মমিনুল হক রাহাত, ইত্তেফাক অনলাইনের সহ-সম্পাদক হাকিম মাহি, ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এসময় বক্তব্য রাখেন দুই টাকার উপহারের উপদেষ্টা বেনজির আবরার। তিনি বলেন, ২ টাকায় উপহার’ সংগঠনের একদম শুরু থেকে আমি যুক্ত আছি। তাদের কার্যক্রমগুলোতে চেষ্টা করি সবসময় সাধ্যমতো সহযোগিতা করার জন্য। সংগঠনের কার্যক্রম প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ুক, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটুক এটাই চাওয়া। সবাই সাধ্যমতো সহযোগিতা করবেন, এই কামনা করছি।
এসময় আয়োজনে উপস্থিত সব অতিথি, জেলা প্রতিনিধি এবং সেরা ৫ জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিক হাকিম মাহি বলেন, তরুণদের মানবিক কাজে ইত্তেফাক সবসময় সঙ্গে আছে এবং থাকবে। ২ টাকায় উপহারের মানবিক কাজ সত্যিই ভালো কাজের উদাহরণ। সংগঠনটি আগামীতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অবলা পশু-পাখির পাশেও দাঁড়াবে, সেই প্রত্যাশা।
২ টাকার উপহারের প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুল হক রাহাত বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। সংগঠনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রত্যেক মাসে নানা প্রকল্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এবং সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে। আগামীতে বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের উপহার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
রাহাত বলেন, আমাদের এই পর্যন্ত পথচলায় যারা আর্থিক সহায়তাসহ নানা রকম বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতীতের ন্যায় আগামীতেও তারা সবসময় ২ টাকায় উপহারের পাশে থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষে উপস্থিত প্রতিনিধি, সদস্যদের জন্য ৮টি প্রতিষ্ঠানের সর্বমোট ১৫টি গিফট লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিল দারকাক, ফারহা'স ওয়ার্ল্ড, এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার। সহযোগিতায় ছিল স্বপ্নতান, স্নেকার্স এম্পিয়ার। এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ইনফিনিটি স্টুডিও। সঙ্গে পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল ঢাকাবিজ ডটনেট।
